ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাধবকুণ্ডে বিষ: জলজ প্রাণীর মড়ক ঠেকাতে ওষুধ প্রয়োগ

মাধবকুণ্ডে বিষ: জলজ প্রাণীর মড়ক ঠেকাতে ওষুধ প্রয়োগ
×

জলপ্রপাতের পানিতে ওষুধ ছিটানো হচ্ছে -সমকাল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৯:৪০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর মড়ক ঠেকাতে ওষুধ প্রয়োগ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে এ ওষুধ দেওয়া হয়। এর আগে পানি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এদিকে এ ঘটনায় বন বিভাগ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পানি পরীক্ষা ও ওষুধ প্রয়োগের সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, ওসি ইয়াছিনুল হক, বন বিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসসহ প্রশাসনের কর্মকর্তারা।

গত শনিবার সকালে মাধবকুণ্ড এলাকায় পর্যটক, পর্যটক পুলিশসহ স্থানীয়রা জলপ্রপাতের পানিতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ভেসে উঠতে দেখেন। মৃত মাছের কারণে পর্যটন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 

বন বিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, এ ঘটনায় সোমবার রাতে বড়লেখা থানায় একটি জিডি করেছি। বিষয়টি নিশ্চিত করে ওসি ইয়াছিনুল হক বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, দুই দফায় সোমবার ও মঙ্গলবার পানি পরীক্ষা করা হয়েছে। এরপর প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে। পানির পিএইচ, দ্রবীভূত অপিজেন, অ্যামোনিয়া, হার্ডনেস, টিডিএস স্বাভাবিক আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পাহাড়ি ছড়ায় বিষ লতা দেওয়ার কারণে মাছ মারা যাচ্ছে। পানি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এ ছাড়া ওই এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে; যাতে ভবিষ্যতে এ রকম ঘটনা আর না ঘটে।

আরও পড়ুন

×