ময়মনসিংহে সাবেক কর পরিদর্শক ও এসআই আটক
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১০:০৮
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী (৬৫) ও অবসরপ্রাপ্ত এসআই আব্দুল জলিলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে নগরীর চামড়া গুদাম এলাকা থেকে সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে ও অবসরপ্রাপ্ত এসআই আব্দুল জলিলকে বিকেলে তার নিজ বাসা নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২৬ (২) ও ২৭ (১) ধারায় গত ১৮ সেপ্টেম্বর একটি মামলা হয়। এ মামালায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, অবসরপ্রাপ্ত এসআই আব্দুল জলিলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৬৯ হাজার ৪৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২৭ (১) ও ১০৯ ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার বাদী ছিলেন দুদক সহকারী পরিচালক এ কে এ বজলুর রশীদ।
- বিষয় :
- ময়মনসিংহ
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
- এসআই
- কর পরিদর্শক