ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র দাখিল
×

মাহমুদুর রহমান মান্না

 সমকাল প্রতিবেদক ও বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মান্নার করা এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গতকাল সোমবার এ আদেশ দেন। বিকেলে বগুড়ায় মান্নার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার পক্ষে বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে মনোনয়ন দাখিল করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। বিএনপি জোটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তাঁর দলের প্রতীক কেটলি।

মান্নার বিপরীতে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তাঁকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ২৯ নভেম্বর সই করা মনোনয়নপত্র দেওয়া হয়। তিনি বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত বুধবার হাইকোর্টে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন মান্না। শুনানি শেষে হাইকোর্ট তাঁর রিট খারিজ করে দেন। পরে চেম্বার আদালতে আপিল করেন তিনি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব ও জ্যোর্তিময় বড়ুয়া। ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।

আদেশের পর আইনজীবী আহসানুল করিম বলেন, খেলাপি হিসেবে মাহমুদুর রহমান মান্নার কোম্পানির নাম ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) তালিকায় ছিল। বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক গত ১০ ডিসেম্বর ঋণ পুনঃতপশিল করে। পুনঃতপশিল করার পরও সিআইবির তালিকায় খেলাপি হিসেবে তাঁর নাম ছিল।

তিনি আরও বলেন, আপিল বিভাগের চেম্বার আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে বলেছেন, মাহমুদুর রহমান মান্নাকে খেলাপি হিসেবে সিআইবির তালিকায় দেখানো যাবে না। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে বাধা নাই।

আরও পড়ুন

×