চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
চবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:২০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন ওএমআর (ওএমআর) শিট পরিবর্তনের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন—চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মুত্তালিব এবং রাজশাহীর হাফিজুর রহমান। তারা উভয়েই রাজশাহীর আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষার্থী। আজ বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন তারা একে অপরের ওএমআর শিট পরিবর্তন করে উত্তর দাগানোর সময় পরিদর্শকদের হাতে ধরা পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ওএমআর পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর, আমাদের জানালে আমরা তাদের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসি। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বর্তমান পরীক্ষা বাতিলসহ স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি-২’ উপ-ইউনিটের (আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ) পরীক্ষায় এ বছর উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৮১ শতাংশ। ২৮০টি আসনের বিপরীতে আবেদন করা ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন। ৫৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান জানান, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরিবেশ সন্তোষজনক ছিল।
১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা/ঐচ্ছিক ইংরেজিতে ২০, ইংরেজিতে ২০ এবং অন্যান্য বিভাগীয় বিষয়ে ৬০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাস নম্বর অর্জন করা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক।
আগামীকাল শুক্রবার ‘বি-১’ উপ-ইউনিট ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট দুই লাখ ৩৩ হাজার ৩২৬ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- চবি
