ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদাবাজ-দখলদারদের হাতে ক্ষমতা দিলে কেউ নিরাপদ থাকবে না: গোলাম পরওয়ার

চাঁদাবাজ-দখলদারদের হাতে ক্ষমতা দিলে কেউ নিরাপদ থাকবে না: গোলাম পরওয়ার
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ০৫:২২

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যারা চাঁদাবাজি, ঘের ও জমি দখল, সন্ত্রাস ও লুটপাট চালিয়ে যাচ্ছে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিলে সাধারণ মানুষ তো বটেই, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালও নিরাপদ থাকবে না।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফ্যাসিস্টরা আর ক্ষমতায় ছিল না। তাহলে এরপর যারা চাঁদাবাজি করল, ঘের দখল করল, বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল তারা কোন দলের লোক? তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে?

শনিবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, গত ৫৪ বছরে লাঙ্গল, নৌকা, ধানের শীষ সব প্রতীকের দলই রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি সামরিক শাসনও এসেছে। কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে, তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমমুক্ত শাসন দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ‌‘আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এমপি বানাবে একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে। আর এলাকায় তার সাগরেদরা চাঁদাবাজি, মাস্তানি, ঘের দখল চালাবে। বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া আমীর মাওলানা মোক্তার হোসেন, গাজী সাইফুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান,  উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন

×