ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম-১২ আসন

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন এলডিপি প্রার্থী এয়াকুব আলী

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন এলডিপি প্রার্থী এয়াকুব আলী
×

১০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ২১:২১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ২১:৩২

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্ত বাতিল করে এই আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছিল, তা আইনসম্মত ছিল না। আদালতের রায়ে সেই অন্যায়ের অবসান ঘটেছে। এখন দ্রুত প্রতীক বরাদ্দ দিয়ে প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দিতে হবে।

এম এয়াকুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায় শুধু তার ব্যক্তিগত নয়, পটিয়াবাসীর গণতান্ত্রিক অধিকারের বিজয়। পরিকল্পিতভাবে তাকে নির্বাচন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা আদালতের ন্যায়বিচারে ব্যর্থ হয়েছে।

এর আগে যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম এয়াকুব আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করেও তিনি প্রতিকার পাননি। শেষ পর্যন্ত হাইকোর্টে করা রিট আবেদনের শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।

আরও পড়ুন

×