‘থানায় বলা আছে আ.লীগ সমর্থকরা গ্রেপ্তার হবে না’
জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: ভিডিও থেকে নেওয়া
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫০
যেহেতু আওয়ামী লীগ আর ৫০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবে না সেহেতু থানায় বলা আছে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তার বা হেনস্তা না করতে। তাই নির্বাচনে সবাই মিলেমিশে একসঙ্গেই থাকবেন ধানের শীষের পক্ষে ভোট দেবেন। নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দিয়েছেন জামালপুর-১ আসনের বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
গতকাল বুধবার তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী রহমানী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সভায় জনতার উদ্দেশে এমন বক্তব্য দেন ধানের শীষের এই প্রার্থী।
এক মিনিটের সেই বক্তব্যে উপস্থিত জনতার সামনে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এখানে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন। তাদের আমি অনুরোধ করব যেহেতু আওয়ামী লীগ আর ৫০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না। কাজেই আওয়ামী লীগের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দেবেন এবং একসঙ্গে থাকবেন। এখানে থানায় বলে দেওয়া আছে, কাউকে কোনো রকম হেনস্তা করবে না, কাউকে গ্রেপ্তার করবে না।
বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জে কোনো গ্রেপ্তার হবে না। অন্যায় যে করবে, সেটা অন্য ব্যাপার। অন্যায়ের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, যাতে কেউ অন্যায় না করতে পারে। তাদের বিচার হবে, অন্যায় হলে আমরা নিজেরা বিচার করব এমন যেন না হয়। আইনগতভাবে আমরা বিচার করব।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে ফোন দেওয়া হলে রিসিভ করেন ব্যক্তিগত সহকারী জাহিদ শিকদার নয়ন। তিনি বলেন, ‘স্যারের গলা নষ্ট, কোনো কথা বলতে পারবেন না।’
এম রশিদুজ্জামান মিল্লাত ২০০১-২০০৬ পর্যন্ত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।
- বিষয় :
- জামালপুর
- বিএনপি
- ভিডিও ভাইরাল
