ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়া-২ আসন

চাপের মধ্যেও লড়ে যাওয়ার ঘোষণা মান্নার

চাপের মধ্যেও লড়ে যাওয়ার ঘোষণা মান্নার
×

উত্তরাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪০

| প্রিন্ট সংস্করণ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিরাপত্তার অভাব বোধ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ভোটের সমীকরণ এখন বদলে গেছে। বর্তমানে মাঠে মূল লড়াই হচ্ছে ত্রিমুখী–বিএনপি, জামায়াত এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মধ্যে। বিভিন্ন প্রতিকূলতা ও চাপের মুখে থাকলেও শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মান্না।

শিবগঞ্জে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ১৫৫ জন। পোস্টাল ব্যালট ভোটার ২ হাজার ৮১৪ জন। মাঠের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে পরিবর্তনের আশায় লড়ছেন। জামায়াত থেকে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার প্রতীক ‘কেটলি’। চাপের মুখেও তিনি মাঠে টিকে আছেন। মাহমুদুর রহমান মান্না জানান, প্রচারণার শুরু থেকেই তাঁর ওপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনী অফিস ভাঙচুর এবং নারীকর্মীদের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে তিনি বলেন, ‘জোরজবরদস্তির প্রতিযোগিতায় আমি নেই। যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, তবে আমিই জিতব।’ বিএনপির প্রার্থী মীর শাহে আলম বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। সুষ্ঠু পরিবেশ পেলে জনগণ ধানের শীষেই ভোট দেবে। জামায়াতের প্রার্থী শাহাদুজ্জামানের ভাষ্য, নিরাপত্তা নিশ্চিত হলে ফলাফল তাদের পক্ষেই যাবে।

প্রশাসনও ভোটারদের নিরাপত্তার আশ্বাস দিয়ে যাচ্ছেন। বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন জানিয়েছেন, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। 

আরও পড়ুন

×