টিপসই নিয়ে বৃদ্ধের জমি আত্মসাতের পাঁয়তারা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
নরসিংদীর শিবপুরে এক বৃদ্ধের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী রফিকুল ইসলাম (৭০) প্রতিকার চেয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের রমজান আলী ও ফারুক। অভিযোগে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তিনি পৈতৃক ৫২.৫ শতাংশ জমি নামজারি (খারিজ) করার জন্য স্থানীয় রমজান ও ফারুকের কাছে যান। নামজারি বাবদ ফারুক বিভিন্ন সময় রফিকুলের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নেন এবং জমির মূল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেন। পরে নামজারি হয়েছে জানিয়ে রফিকুলকে কিছু কাগজে স্বাক্ষর করানো হয়। রফিকুল ইসলাম নিরক্ষর হওয়ায় সেখানে টিপসই দেন। পরে তিনি জানতে পারেন, ওই কাগজগুলো আসলে নামজারির নয়, বরং জমি বিক্রির ‘বায়না দলিল’ ছিল। এখন চক্রটি জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং জমির মূল কাগজপত্র আটকে রেখেছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে রমজান আলী ও ফারুককে ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। শিবপুর থানার ওসি কুহিনূর মিয়া জানান, জিডির বিষয়টি তদন্তাধীন রয়েছে। জালিয়াতির অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
- বিষয় :
- আত্মসাৎ
