যশোরে স্ত্রীকে খুনের অভিযোগে সেই আইনজীবী গ্রেফতার
ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:৫১
অন্তঃসত্ত্বা স্ত্রী সুফিয়া খাতুনকে (৩০) হত্যার অভিযোগে যশোরের আলোচিত আইনজীবী আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের দড়াটানা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সোফিয়া সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের পূর্বপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে। এ ঘটনায় সিরাজুল ইসলাম সোমবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে জেলা আইনজীবী সমিতি থেকে আমিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট জানান, কারণ দর্শানো নোটিশে পেশাগত অসদাচরণ, সংগঠনের সুনাম ক্ষুণ্ণ ও গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকায় কেন তার সদস্যপদ বাতিল করা হবে না- ৪৮ ঘন্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, গত শনিবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামের বাড়ি থেকে সুফিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। সুফিয়ার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে ও অপর এক নারীর সঙ্গে আমিরের অনৈতিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় সুফিয়াকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরদিন সুফিয়ার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে আমির হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সেখ তাসনিম আলম বুধবার সন্ধ্যায় আমিরকে গ্রেফতার করেন।
- বিষয় :
- স্ত্রীকে হত্যা
- গ্রেফতার
- যশোর