বাবার পথ ধরেই দায়িত্বে অমিত
অনিন্দ্য ইসলাম অমিত
যশোর অফিস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৪
বাবা তরিকুল ইসলাম চার দফায় মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। তাঁর পথ ধরেই নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা এই নেতা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৩৩৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন অমিত। তাঁর মা অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে খুলনা বিভাগে নেতৃত্ব দেওয়ায় এমপি হলেই তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন, এমনটা ছিল নেতাকর্মীদের প্রত্যাশা।
তবে এতে কালো মেঘ জমে এবারের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির ভরাডুবিতে। মঙ্গলবার দুপুরের পর থেকে অমিতের প্রতিমন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার খবরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস।
গতকাল বিকেলে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের লালদীঘির জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেল ৫টায় তারা বর্ণাঢ্য আনন্দমিছিল বের করেন। নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে স্লোগান দেন ও পরে একে অন্যকে রঙে রাঙিয়ে তোলেন। উল্লাসের সঙ্গে মিষ্টি বিতরণ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অমিতের পরিবার এই অঞ্চলে সবচেয়ে বেশি নির্যাতিত। হাসিনার দুঃশাসনে যখন এই অঞ্চলে কেউ আন্দোলন-সংগ্রাম করতে পারেননি, তখন অমিতের নেতৃত্বে হাজার হাজার মানুষ আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। সেই ত্যাগের প্রতিদান দিয়েছেন দলীয় প্রধান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এটা আমার নয়, সমগ্র জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। যশোরবাসীকে সঙ্গে নিয়েই অবহেলিত যশোরকে নতুন করে গড়ব।’
- বিষয় :
- বিএনপি
- প্রতিমন্ত্রী
- যশোর-৩
- অনিন্দ্য ইসলাম অমিত
