ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রায়পুরে ককটেল বিস্ফোরণ, ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩

রায়পুরে ককটেল বিস্ফোরণ, ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩
×
×

আটক সুজন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০৩:০৭

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ছুরিকাঘাতে বিএনপি নেতা এবাদুল্লাহ গাজীসহ তিনজনকে আহত হয়েছেন। এ ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে গণপিটুনিতে আহত ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাসেরহাট বাজারে কয়েকজনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন সুজন নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেন।

স্থানীয়দের দাবি, আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এক লাখ টাকার বিনিময়ে হামলা করতে এসেছেন বলে স্বীকার করেন। তার কথোপকথনের ভিডিও স্থানীয় কয়েকজন মুঠোফোনে ধারণ করেছেন বলে জানা গেছে। তবে কারা তাকে টাকা দিয়ে পাঠিয়েছেন, হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা এবাদুল্লাহ গাজীসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মধ্যে জাহিদ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে খাসেরহাট বাজারে দুই-তিনজনকে ছুরিকাঘাত এবং একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর উত্তেজিত জনতা একজনকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তির নাম সুজন। তার বাড়ি ভোলা জেলায়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×