ইউপি সদস্যদের বিরুদ্ধে প্রকল্পের চাল বিক্রির অভিযোগ
আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে ঈদগাহ মাঠ এলাকায় ভিডব্লিউবি প্রকল্পের এক হাজার ৭০ কেজি চাল আটক করেছেন যুবদল, ছাত্রদল, বিএনপি নেতাকর্মীরা সমকাল
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৮
| প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের ১৫ বস্তা (এক হাজার ৭০ কেজি) চাল আটক করেছেন যুবদল, ছাত্রদল, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে উপজেলার ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকাল থেকে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে চলতি মাসের (৩০ কেজি) চাল বিতরণ করা হচ্ছিল। বিকেলে রুকিন্দিপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য বিপুল কুমার ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন দুটি ভ্যানে করে এক হাজার ৭০ কেজি চাল জামালগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা ঈদগাহ মাঠের সামনে ভ্যান দুটি আটকে দেন। পরে ইউএনও ফারজানা জান্নাতকে খবর দিলে তিনি এসে ভ্যানসহ চাল জব্দ করে রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ইউপি সদস্য পলাতক।
ইউনিয়ন যুবদলের সভাপতি শাজাহান আলী বলেন, ভিডব্লিউবি প্রকল্পের আওতায় হতদরিদ্র ও অসহায় নারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ চাল বিপুল মেম্বার ও শাহাদৎ মেম্বার গোপনে বাজারে বিক্রির চেষ্টা করছিলেন। আমরা সেগুলো আটক করেছি। তারা এর আগেও ইউনিয়ন পরিষদ থেকে চাল চুরি করে বিক্রি করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ইউএনও ফারজানা জান্নাত বলেন, চালগুলো জব্দ করে পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পক্রিয়া চলছে। প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাল আত্মসাৎ
