এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি ২৩ ‘রোগী’, পরিদর্শন শেষে ছাড়লেন শয্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:০২
স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসবেন-এমন খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ২৩ জন ব্যক্তি ভর্তি হন। তবে সংসদ সদস্য চলে যাওয়ার কিছুক্ষণ পরই তারা হাসপাতাল ত্যাগ করেন। ঘটনাটি সোমবার দুপুরে ঘটে।
নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং বেলা একটার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
ওই দিন সকালে ভর্তি হওয়া ব্যক্তিরা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়ে তারা আগে নগরের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে শারীরিক অসুস্থতা অনুভব করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা ছিল। তবে সংসদ সদস্যের পরিদর্শন শেষে অল্প সময়ের মধ্যেই তারা হাসপাতাল ছেড়ে চলে যান।
হাসপাতালে ভর্তি থাকা দুজন রোগী মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের সেখানে রাখা হয়েছিল। তবে সংসদ সদস্য চলে যাওয়ার পর ওই শয্যাগুলো আবার তারা ফিরে পান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কিছু রোগী ফলোআপ চিকিৎসার জন্য ওই দিন সকালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
ঘটনা সম্পর্কে জানতে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী বলেন, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- এমপি
- হাসপাতালে ভর্তি
