ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ডাকাতের সন্ধানে পাহাড়ে র‌্যাবের হেলিকপ্টার অভিযান

রোহিঙ্গা ডাকাতের সন্ধানে পাহাড়ে র‌্যাবের হেলিকপ্টার অভিযান
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:১২

রোহিঙ্গা ডাকাত দলের খোঁজে কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরের নিকটবর্তী পাহাড়ে ড্রোনের পর এবার হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টেকনাফের কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়। এছাড়া স্থলপথে পাহাড়ি এলাকায়ও অপর একটি দল অভিযান পরিচালনা করে।

আকাশপথে হেলিকপ্টার অভিযানে নেতৃত্ব দেন কপবাজার র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। সঙ্গে ছিলেন র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর রবিউল হাসান, সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এপ), সিপিএসসি স্কোয়াড কমান্ডার অ্যাডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার, বিএন, সিপিসি-২ কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম।

কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, প্রথমে শরণার্থী শিবিরের নিকটবর্তী পাহাড়ে ডাকাত দলের খোঁজে ড্রোন দিয়ে অভিযান চালানো হয়েছিল। পাহাড়গুলো অনেক বড় হওয়ায় ড্রোন দিয়ে ডাকাত দলের সন্ধান পাওয়া কষ্টকর হয়ে পড়েছে।

তিনি বলেন, এবার হেলিকপ্টার দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে লাগানো পাহাড়ে অভিযান চালানো হয়েছে। এ সময় হেলিকপ্টার থেকে বেশ কয়েকটি দুর্গম পাহাড়ের ভেতরে ডাকাত দলের আস্তানার সন্ধান পাওয়া যায়। এসব আস্তানা চিহ্নিত করে রাখা হয়েছে। পরে এসব আস্তানায় অভিযান চালানো হবে।

এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিশেষ করে রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমসহ এসব পাহাড়ে কয়েকটি ডাকাত দলের সদস্যরা রয়েছে। তারা খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। অতিদ্রুত তারা র‌্যাবের জালে আটকা পড়বে।


আরও পড়ুন

×