৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন বা পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ২১:১৯
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। এক সপ্তাহ হয়নি আমরা শপথ নিয়েছি, এর পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি।’
আজ সোমবার গাজীপুরেরর শ্রীপুর পৌরসভা ছাপিলাপাড়া এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এ খাল খনন কর্মসূচিতে এসেছিলেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্রিত করে নিজে খাল খনন করেছিলেন। আমরা এরইমধ্যে খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছি।’
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করে মার্কেট, বাড়িঘর নির্মাণ করে আসছিলেন। খাল হলো সরকারের সম্পত্তি এবং এটি কেবল জনসাধারণের প্রয়োজনে ব্যবহৃত হবে। জনস্বার্থে এই প্রজেক্টকে বৃহৎ আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘মিছিল-মিটিং তো অনেক হয়েছে, এখন আর নয়। এখন শুধু জনগণের উন্নয়নে কাজের সময়। আপনাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ হলো, জনগণের কল্যাণমুখী কাজগুলোর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল গ্রহণ করা।’
এর আগে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে সঙ্গে নিয়ে খালপাড়ে নেমে সেখানে দখল ও দূষণের চিত্র পরিদর্শন করেন। পরে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিএনপির নেতৃবৃন্দ। পরে মন্ত্রী গাজীপুর মহানগরের গাছা এলাকায় একটি খাল পরিদর্শন করেন।
উল্লেখ্য, শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া চৌক্কার খালটি খননের জন্য ১৯৭৮ সালে এ এলাকায় এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
