ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

দিনাজপুরে আ'লীগের ২ নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদ

দিনাজপুরে আ'লীগের ২ নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদ
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:৪৮

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইমাম ইবনে রজবকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বুধবার সকাল ১১টায় দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ে প্রথমে হাজির হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও সাড়ে ১১টায় উপস্থিত হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইমাম ইবনে রজব। দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তারা দুদক কার্যালয় থেকে বের হয়ে আসেন।

দুদক জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের দিনাজপুর সদরে চারজন রাজনীতিক ও ছয় পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক সমন্বিত জেলা কার্যালয়। মোট ১০ জনের মধ্যে চারজন রাজনীতিককে তলবের নোটিশ দেওয়া হয়। যার মধ্যে দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হলো। আগামী ১১ নভেম্বর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আখতারুজ্জামান জামান ও পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে জিজ্ঞাসাবাদ করা হবে। শিগগিরই বাকি ছয় পুলিশ কর্মকর্তারও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে। 

তারা হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মনছুর আলী মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, কোতোয়ালি থানার সদ্য বদলি হওয়া ওসি রেদওয়ানুর রহিম, নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশের ওসি রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার ওসি শাহরিয়ার ও দিনাজপুর ট্রাফিক পুলিশের সাবেক পরিদর্শক সাদাকাতুল বারী।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে দুই রাজনীতিক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও আবু ইমাম ইবনে রজব বলেছেন, সরকারি নিয়মের মধ্যে কর্মকর্তারা যা যা প্রশ্ন করেছেন, তার জবাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে। দুদক কর্মকর্তাদের আচরণ ও কথাবার্তায় তারা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

×