কারখানায় ঝুলছিল শ্রমিকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৩১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১২:২৯
| প্রিন্ট সংস্করণ
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে।
তবে মরদেহটির পা মাটির সঙ্গে লাগানো থাকায় এটি হত্যা, না আত্মহত্যা– এ নিয়ে শ্রমিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে।
নিহত হাবিবুল্লাহ নীলফামারীর জলঢাকার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত গিল্ডেন জিএবি পোশাক কারখানায় সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার সিকিউরিটি ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে কাজে এসে তারা কারখানার সিঁড়ি ও লিফটের পাশের একটি স্থানে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাবিবুল্লাহকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাটি নিয়ে কারখানার শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হাঁটু গেড়ে পা মাটিতে লাগানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে বলে তারা জানান। রাহেলা বেগম নামের এক শ্রমিক বলেন, কয়েকদিন ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। অন্যান্য সেকশনের অল্প কিছু কর্মী কারখানায় যেতেন।
আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- সাভার
- পোশাক শ্রমিক
