ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন স্ত্রী-ছেলেসহ পথে গেল প্রাণ

ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন স্ত্রী-ছেলেসহ পথে গেল প্রাণ
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ২১:৫৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ২২:০৪

স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে স্ত্রী ও দুই শিশুপুত্রকে নিয়ে বাড়ির পথে যাত্রা করেন শরিফুল ইসলাম। কিন্তু বেপরোয়া গতির ট্রাক সেই যাত্রা থামিয়ে দিয়েছে। ওই গাড়ির ধাক্কায় স্ত্রী ও এক সন্তানসহ প্রাণ হারিয়েছেন শরিফুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর বড় ছেলে।

আজ মঙ্গলবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শরিফুল (৩৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহত অন্যরা হলেন– তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) ও চার মাসের ছেলে আব্দুল্লাহ আল হুজাইফা। শরিফুলের বড় ছেলের নাম শোয়াইব হোসেনের (১০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শরিফুল পাটগ্রামের ‘পদক্ষেপ’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহকারী ব্যবস্থাপক। ঈদের ছুটিতে আজ সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমাইয়া। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ও তাঁর ছোট ছেলের মৃত্যু হয়। আহত অপর সন্তান শোয়াইবের অবস্থা আশঙ্কাজনক।

লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেলে আরোহী ছিলেন চারজন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জে শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া এলাকায় একটি ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু (আড়াই বছর) নিহত হয়েছে। আজ বিকেলে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী। নিহত শিশুর নাম জোনায়েদ হোসন। তার বাড়ি শাহবাজপুর ইউনিয়নের শিয়াল মারা গ্রামে। 

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে মীম খানম (১০) নামের এক শিশু। নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। মীমও আশ্রয়ণ প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাসুদ খান জানান, একটি মোটরসাইকেলে পেছন দিক থেকে ধাক্কা দেয় বাস। এ সময় দুই শিশু রাস্তা পার হচ্ছিল। ধাক্কা সামলাতে না পেরে তাদের ধাক্কা দেন মোটরসাইকেলচালক। এতে ঘটনাস্থলে মহিমার মৃত্যু হয়।

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় পাঁচ প্রাণহানি
কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে জেলা শহরের নীলগঞ্জ মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে দুই আরোহী নিহত হন। তাদের মধ্যে শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইরফান উদ্দিন (১৬) ঘটনাস্থলেই মারা যায়। একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে নৌশাদকে (২০) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে সন্ধ্যায় মারা যান।

সোমবার বিকেলে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে ভৈরবের চান মিয়ার স্ত্রী স্মৃতি বেগম (৪৫) নিহত হন। ইটনা উপজেলার মৃগা এলাকায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী জয়ন্ত গোপ (৩২) মারা গেছেন। তিনি পার্শ্ববর্তী ভাটি রাজিবপুর গ্রামের হরলাল গোপের ছেলে। 

অন্যদিকে, দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় এলাকার আবু হানিফার ছেলে কৃষক ইমন মিয়া (২৪) একটি গরু নিয়ে রাস্তার পাশেই ছিলেন। ট্রাকটি তাদের ওপর গিয়ে পড়লে ইমন মারা যান। এ ঘটনায় তাঁর গরুও প্রাণ হারিয়েছে।

(সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)

আরও পড়ুন

×