আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি: জামায়াত আমির
কুলাউড়ার ভাটেরায় নিজ বাড়িতে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় ডা:শফিকুর রহমান। ছবি-সমকাল
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ২১:১২
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি।
সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় গ্রামের বাড়িতে ঈদের ৩য় দিন সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ঈদের সময় যাত্রীরা টিকেট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে সেমাই খাবে তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেল।
তিনি বলেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে, মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। ঈদে অনেক মানুষ ঢাকা ছেড়েছে। তারা এত টাকা কিভাবে ফেরত দিবেন?
সরকারের উদ্দেশ্য ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা নির্বাচন মেনে নিয়েছি। দেশটা যেন অচল না হয়। আপনারা সঠিক ধারায় ফিরে আসেন। সারাদেশের মানুষ কিন্তু এখন জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি।
তিনি বলেন, সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে সেই বাড়িতে থাকব না। এটি ব্যবহার করব দেশের প্রয়োজনে। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।
- বিষয় :
- জামায়াত আমির
