চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
তীব্র গরমে ঠাণ্ডা শরবতে তৃষ্ণা মেটাচ্ছেন পথচারী। ছবি: সমকাল
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১৭:২২
চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। শুক্রবার জেলায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৩১ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রখর রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
পথচারী কিতাব আলী বলেন, গত দিন ধরে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। বিশেষ করে বেলা বাড়লে আর বাইরে থাকা যাচ্ছে না। প্রখর রোদে মনে হচ্ছে শরীর ঝলছে যাচ্ছে।
কৃষক আকবর আলী বলেন, সকাল ৭টায় মাঠে এসেছিলাম। খুব কষ্টে ১১পর্যন্ত কাজ করেছি। এ রোদ, গরমে কাজ করা কষ্টের। তাই বাড়ি ফিরছি।
মোটরসাইকেল চালক আক্তারুল ইসলাম বলেন, গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। যেতে হবে বহুদূর, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য কাঁঠাল গাছের নিচে দাঁড়ালাম। বেশ ভালোই হলো, এ সুযোগ এক গ্লাস বেলের ঠাণ্ডা শরবত খেয়ে নিলাম।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মাঝারি তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- গরম
- তাপমাত্রা
