ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইআইএ ছাড়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবি

ইআইএ ছাড়া বালু উত্তোলনের অনুমতি  বাতিলের দাবি
×

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) না করেই কক্সবাজারের মহেশখালী চ্যানেল-মহেশখালী উপকূল থেকে ছয় কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে তিনটি পরিবেশবাদী সংগঠন। 

মঙ্গলবার দুপুরে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস), কক্সবাজার সিভিল সোসাইটি ও নদী পরিব্রাজক দল জেলা প্রশাসককে এ স্মারকলিপি দেয়। সংগঠনগুলোর পক্ষে কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট রমিজ আহমেদ, ইয়েস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক, প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন এবং নদী পরিব্রাজক দলের সহসম্পাদক অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল এ স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
স্মারকলিপিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও- এমআইএলকে (জেভি) মহেশখালী চ্যানেলে-মহেশখালী উপকূলের হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কতিপয় শর্তসাপেক্ষে উপরোক্ত প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দিয়েছে। 

পরিবেশগত প্রভাব মূল্যায়ন না করে এভাবে নির্বিচারে বালু উত্তোলন করলে ওই এলাকায় নদীভাঙন বাড়বে, নষ্ট হবে জলপ্রবাহ ও প্রাকৃতিক ভারসাম্য। ধ্বংস হবে জীববৈচিত্র্য, ক্ষয় হয়ে যাবে সমুদ্র উপকূল; যার ফলে এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ ব্যাপক সংকটে পড়বে। পাশাপাশি অপরপ্রান্তে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত রানওয়ে ঝুঁকির মুখে পড়ার শঙ্কা রয়েছে।
এ কারণে বালু উত্তোলনের জন্য ইতোমধ্যে দেওয়া অনুমোদন বাতিল করে দেশের প্রচলিত আইন, পরিবেশ সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মতামতকে আমলে নিয়ে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) করে বালু উত্তোলনের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগের আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, স্মারকলিপিটি গুরুত্ব সহকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
গত ৬ এপ্রিল দৈনিক সমকালে ‘মহেশখালীর দুই মৌজা থেকে বালু তোলার অনুমোদন’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নজরে পড়ে।

আরও পড়ুন

×