ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩৯ দিন আটকা থাকার পর হরমুজ প্রণালি পার হতে যাত্রা শুরু ‘বাংলার জয়যাত্রা’র

৩৯ দিন আটকা থাকার পর হরমুজ প্রণালি পার হতে যাত্রা শুরু ‘বাংলার জয়যাত্রা’র
×

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৫:৫১

হরমুজ প্রণালি পার হতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। যুদ্ধ শুরুর পর ৩১ নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি আটকে আছে ৩৯ দিন ধরে। যুদ্ধ বিরতি ঘোষণার পর জাহাজটি যাত্রা শুরু করে। হরমুজ প্রণালী অতিক্রম করতে এটির প্রায় দুই দিন সময় লাগবে। এর আগে একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি। জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন।

বিএসসির ব‍্যাবস্থাপনা পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক বলেন, ‘জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে। এটি এখন দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। 

বাংলার জয়যাত্রা জাহাজের মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান বলেন, জাহাজটি হরমুজ থেকে ৪০০ নটিক্যাল মাইল দূরে রয়েছে। এই গতিতে চললে হরমুজ প্রণালি পার হতে আরও প্রায় দুই দিন (৩৮ ঘণ্টা) সময় লাগতে পারে।’

গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই শুরু হয় সংঘাত। এরপর পণ‍্য খালাস করে তারা শারজার বহিনোঙ্গরে যায়। হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেও ব‍্যর্থ হয়। 

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা এসেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও  জানায়, এর মধ্যে ১৫ টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

গতকাল ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এখন পাল্টে গেছে সেই চিত্র।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন বলছে, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল এই প্রণালি দিয়ে যায়। এ ছাড়া বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালি দিয়ে। এটি বন্ধ হওয়ায় দেড় মাস ধরে তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।
 

আরও পড়ুন

×