বাড়িতে হামলা-লুটপাট, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৯
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় দুই পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লতিবপুর গ্রামে আব্দুল আমিন ও তাঁর ভাই আব্দুল মুমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। এ হামলায় আব্দুল মুমিন এবং তাঁর ভাতিজা সিয়াম হোসেন আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পরিবারের সদস্যদের ওপরও চড়াও হলে তারা প্রাণ বাঁচাতে পাশের বাড়ি নুরুল হকের ঘরে আশ্রয় নেন। সেখানেও হামলা চালিয়ে নুরুল হকের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পাশের গ্রাম সুলেমানপুর ও আনন্দনগর গ্রামের লোকজন সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় হামলাকারীরা আমিন ও মুমিনের বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু-বাছুর এবং একটি ইঞ্জিনচালিত নৌকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার সোমবার আব্দুল আমিন বাদী হয়ে নাজিম উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিবেশী গ্রাম সুলেমানপুরের বাসিন্দা ও পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মিয়া জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। তবে তাদের উপস্থিতিতে হামলাকারীরা প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, হাঁস পালন নিয়ে লতিবপুর গ্রামের আমিন ও মুমিন দুই ভাইয়ের সঙ্গে নাজিমুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। বিরোধ নিষ্পত্তিতে ইতোমধ্যে কয়েকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হয়েছে।
- বিষয় :
- লুটপাট
