ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

পাহাড়ে তিন দিনের উৎসব শুরু আজ

পাহাড়ে তিন দিনের উৎসব শুরু আজ
×

মারি স্টেডিয়ামে গতকাল ঐতিহ্যবাহী বলী খেলা হয়। এতে চ্যাম্পিয়ন হন দিপু দেওয়ান - সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে আজ রোববার পাহাড়ে প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু সাংক্রাইন, সাংক্রান, পাতা’ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ উৎসব উপলক্ষে পাহাড় এখন রঙিন।
পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও গ্লানি মুছে নতুন বছরকে শুভ কামনা জানাতে বাংলা বর্ষের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব করে পাহাড়ের জনগোষ্ঠী। উৎসবকে কেন্দ্র করে গতকাল শনিবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলী খেলা। এতে চ্যাম্পিয়ন হন রাঙামাটির দীপু বলী।

পার্বত্য চট্টগ্রামের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ১৩ ভাষাভাষী ১৫টি ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্তার বসবাস। এসব জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, পাতা। তবে এ উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরা বৈসু, তংচংগ্যারা বিষু, অহমিয়ারা বিহু, খুমিরা সাংক্রাই, সাঁওতালরা পাতা হিসেবে অভিহিত করে থাকেন। নাম আলাদা হলেও নিবেদন একই। উৎসবটি পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীক।

উৎসবকে ঘিরে ঐতিহ্যবাহী বলী খেলা, ঘিলে হারাসহ নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ উৎসবের প্রথম দিন পাহাড়ি সম্প্রদায়ের লোকজন নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। এদিন শিশু-কিশোর-কিশোরীরা ভোরে ঘুম থেকে উঠে বনফুল সংগ্রহ করে বাড়ির আঙিনা সাজায়। তরুণ-তরুণীরা পাড়ায় পাড়ায় বৃদ্ধদের স্নান করান। বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সন্ধ্যায় বৌদ্ধমন্দির, নদীর ঘাটে, বাড়িতে প্রদীপ প্রজ্বালন করে থাকেন।

সোমবার উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এ দিন বাড়ি বাড়ি চলে খাওয়া-দাওয়ার পর্ব। উৎসবের শেষ দিন বিশ্রাম, বৌদ্ধমন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের ডেকে ভাত খাওয়ানোসহ আশীর্বাদ নেওয়া হয়। অনেকের বিশ্বাস, নতুন বছরের প্রথম দিন হাসিখুশি কাটালে সারা বছর সুখে-শান্তিতে কেটে যাবে। মারমা সম্প্রদায়ের লোকজন এদিন পানি খেলায় মেতে ওঠে।
উৎসবকে কেন্দ্র করে শনিবার রাঙামাটি মারি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়। এতে গত বছরের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাঙামাটির দীপু বলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লামরা। অন্যদের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার প্রমুখ।

আরও পড়ুন

×