ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঁধের কাজে দুর্নীতি, বিচারের দাবিতে স্মারকলিপি

বাঁধের কাজে দুর্নীতি, বিচারের দাবিতে স্মারকলিপি
×

হাওর বাঁচাও আন্দোলনের নেতারা সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৬:০৫

সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। বিক্ষোভ কর্মসূচি শেষে এই ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছে হাওর বাঁচাও আন্দোলন।

রোববার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে প্রথমে  বিক্ষোভ সমাবেশ করেন কৃষকরা। এতে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও। সেখানে কৃষকরা ফসলের বীমাও দাবি করেন।

সমাবেশে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রিওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবোর স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান উপস্থিত কৃষকরা।

সমাবেশে হাওর বাঁচাও আন্দোলনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপজেলাভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন।

বিক্ষোভ সমাবেশ শেষে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখিত সাত দফা দাবির মধ্যে অন্যতম হলো- বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মে যুক্ত এবং নীতিমালা বিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাঁধের কাজে প্রকৃত কৃষককে যুক্ত করা এবং প্রকল্পের প্রি ওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের কাজে দুর্নীতি বন্ধ করা।

এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কুদরত পাশা, আবু সাঈদ প্রমুখ।

আরও পড়ুন

×