ফলোআপ
মাদারীপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ছয় আসামি রিমান্ডে
নিহত স্কুলছাত্র সোহান শেখ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৪:০০
মাদারীপুরে ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সোহান শেখ হত্যাকান্ডের ঘটনায় ৬ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা আসামিদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর হলেন মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর এলাকার খবির ফকিরের ছেলে সোহান ফকির (১৮), বাহেরচরকাতলা গ্রামের রওশন আলী সরদারের ছেলে আকাশ সরদার (১৮), একই গ্রামের গোলাম মাওলা হাওলাদারের ছেলে ফারদিন হাওলাদার (১৮), তোতা মাতুব্বরের ছেলে ছাব্বির মাতুব্বর (২০), বাদামতলা আমিরাবাদ এলাকার রুহুল আমীন শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৮) ও কুলপদ্ধি এলাকার অনুকুল বৈরাগীর ছেলে অন্তর বৈরাগী (১৮)।
মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে পরিবারের পক্ষ থেকে আসামিদের শিশু দাবি করে আদালতে আবেদন করায় নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত তাদের শুনানি হয়।
এর আগে আটক ৬ জনকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মাদারীপুর আদালতে নিয়ে আসা হয়। আটক ৬ জনকেই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৯ অক্টোবর রাত ৯টার দিকে মাদারীপুর পৌর শহরের ভুইয়াবাড়ি মোড় এলাকার একটি ভবনের নিচ থেকে ষ্টার ক্যাবল নেটওয়ার্ক ডিস কন্ট্রোলরুম অপারেটর হাবিবুর রহমান শেখের ছেলে সোহান শেখের (১৭) মরদেহ উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় সিসি ফুটেজ দেখে অভিযুক্ত সন্দেহে ৬ জনকে আটক করে সদর থানা পুলিশ।
