সাভারে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ২০:৫০
সাভারের ডগরমোড়া এলাকায় এক তরুণীকে কৌশলে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন– মো. শান্ত (২০) ও ইমন মোল্লা ওরফে আশিক। মামলার অন্য তিন আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী তাঁর ছোট বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন। পথে প্রতিবেশী শান্ত তার গতিরোধ করে ও ওড়না ছিনিয়ে নেয়। পরে ওড়না ফেরত দেওয়ার কথা বলে কৌশলে তরুণীকে পার্শ্ববর্তী একটি বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে শান্তসহ পাঁচ যুবক মিলে তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ঘটনাটি কাউকে জানালে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়।
নির্যাতনের শিকার তরুণী গত দুইদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত খুলে বলেন। পরে তার বাবা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শান্ত ও ইমনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার প্রতিবাদ করায় রানা নামে প্রতিবেশী এক যুবককেও মারধর করেছে ওই বখাটেরা।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত বখাটে এবং কিশোর গ্যাংয়ের সদস্য।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
- বিষয় :
- সাভার
- দলবদ্ধ ধর্ষণ
- গ্রেপ্তার
