ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূ-সম্পত্তি দখলে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

ভূ-সম্পত্তি দখলে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

কমলগঞ্জ উপজেলার আলীনগরের বস্তি এলাকায় একটি অসহায় পরিবার স্থানীয় ভূমিদস্যুদের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ওই পরিবারের ভূসম্পত্তি দখলে তাদের বসতবাড়িতে চালানো হয়েছে হামলা ও ভাঙচুর। শুক্রবার দুপুরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। সেখানে স্থানীয় বশির মিয়া, আমজাদ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের কথা তুলে ধরেন সৌদিফেরত পলি বেগম নামে এক নারী।

লিখিত বক্তব্যে পলি বেগম জানান, তাঁর স্বামী মছব্বির মিয়া এবং তাঁর চার ভাই পরিবারসহ সবাই একসঙ্গে বসবাস করতেন। একসময় টানাটানির সংসারে সচ্ছলতা আনতে প্রবাসে যান পলি। সেখানে উপার্জিত অর্থে উপজেলার আলীনগর বস্তি এলাকায় আবাস গড়েন।

সম্প্রতি পলির আলীনগর এলাকার প্রতিবেশী বশির মিয়া, আমজদ মিয়া, আহমদ মিয়া, আহাদ মিয়া, রাজু মিয়া, কাঞ্চন বিবি, পপি বেগমসহ বেশ কয়েকজন তাদের বসতবাড়িসহ ভূসম্পত্তি দখলের উদ্দেশ্যে হয়রানি শুরু করে। তাঁর পরিবারের ওপর চলতে থাকে হামলা, নির্যাতন। এ অবস্থায় তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলি বেগম বলেন, তাঁর জমিজমা দখলের ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের ১২ ডিসেম্বর বিকেলে অভিযুক্তরা তাঁর বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। ১৪ ডিসেম্বর আরেক দফা হামলার শিকার হন তারা। 
তৃতীয় দফা হামলার সময় আহম্মদ হোসেন নামে এক ব্যক্তি পলির দেবর জহির আলীর স্ত্রী সীমা বেগমের পেটে লাথি দিলে তাঁর চার মাস বয়সী গর্ভের সন্তান নষ্ট হয়। এসব বিষয়ে কমলগঞ্জ থানা, পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানানো হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পলি বেগমের ভাশুর মোস্তফা মিয়া লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও সুষ্ঠু সমাধান পাননি।
সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি রাতে হামলাকারীরা পলির বসতবাড়ির পাকা দেয়াল ভেঙে ফেলে। ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা এবং দুই লক্ষাধিক টাকার অলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পলির ভাশুর মোস্তফা মিয়া কমলগঞ্জ থানায় মামলা করেন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদিফেরত পলি বেগমের স্বামী মছব্বির মিয়া, ভাশুর মোস্তফা মিয়া, জহির মিয়ার স্ত্রী সীমা বেগম, মছব্বির মিয়ার দুই শিশুসন্তান। এ ব্যাপারে জানতে আহম্মদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×