ভাঙ্গায় উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেখ রাজু ইসলাম
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৫:১১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১৮:১০
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় মাতৃকুঞ্জ ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রাজু ইসলামের স্ত্রী জানান, আজ সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায়— ‘আমার শরীর ভালো লাগছে না। আমি যদি মারা যাই, আমাকে ভাঙ্গা কবরস্থানে দাফন কইরো।’
এরপর তিনি স্কুলে চলে যান উল্লেখ করে বলেন, পরে খবর পেয়ে বাসায় এসে দেখেন, তার স্বামী গলায় রশি দিয়ে ঝুলে আছে। এসময় ফ্ল্যাটে তাদের দুই শিশু কন্যা ছাড়া বাসায় আর কেউ ছিল না। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঝুলন্ত মরদেহ নিচে নামায়।
নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা এক মায়ের পেটে জমজ আপন দুই ভাই। সকালে মা আমাকে ফোন করে বলে, তুই দ্রুত ভাঙ্গায় গিয়ে তোর ভাইয়ের খবর নে। তোর ভাই মনে হয় বিপদে আছে। আমি মায়ের ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি, আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী বসে আছে এবং আমার দুই ভাতিজা পাশের রুমে বসে আছে।
নিহতের মা রাশিদা বেগম জানান, আজ দুপুরে আমার ছেলে ফোন করে বলে— ‘মা, আমার আশা-ভরসা তোমরা ছেড়ে দিও’। এই কথা বলেই ছেলের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
প্রতিবেশী অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার জানান, তাদের দাম্পত্য জীবনে অনেক কলহ চলছিল। কিছুদিন আগেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের পারিবারিক সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু সমাধান করা যায়নি।
থানার উপপরিদর্শক হাবিব বলেন, খবর পেয়ে আমরা মাতৃকুঞ্জ বহুতল ভবনের চারতলা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
