১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০১:৫১
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি। খাল ও নদী-নালা খননের মতো কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। যে কারণে আমাদের দেশের নদী-নালা ও খালগুলো শুকিয়ে গেছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন। খালগুলো আমরা ধীরে ধীরে খনন করব। এটা কৃষকদের ভাগ্য উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ।
আজ শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি এ অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হয়ে থাকবে। শুধু খাল খনন নয়, পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ যা যা প্রয়োজন অবকাঠামো সকল প্রকার উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে।
শামা ওবায়েদ বলেন, বিএনপি দেশের জনগণের সেবায় নিয়োজিত একটি সরকার। আমাদের কে ভোট দিছে, আর কে দেনি, সেই হিসেব আমরা করি না। কে কোন দল করে তাও আমরা দেখব না। বিএনপি সরকার ১৭ কোটি মানুষের। দলমত নির্বিশেষে আমরা সকলের জন্যই কাজ ও সেবা করতে চাই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে আমার এলাকার থানায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো নিজেদের মধ্যে মারামারির মামলা। এখন আর কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
- বিষয় :
- ফরিদপুর
- প্রতিমন্ত্রী
- শামা ওবায়েদ
