জামায়াত এমপির ওপর হামলা
ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার, তিনজনকে বহিষ্কার
হামলায় জামায়াত এমপির গাড়ি ভাঙচুর। ফাইল ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৯:১৫
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের দুজন ও বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির। বহিষ্কৃত বিএনপি নেতা হলেন ইশতিয়াক আহম্মেদ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলা সদরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কসংলগ্ন আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান সংসদ সদস্য মাছুম মোস্তফা। সেখানে গাড়ি রেখে ফিলিং স্টেশনের নামাজখানায় মাগরিবের নামাজ পড়তে যান তিনি। কিছুক্ষণ পর ১৫-১৬টি মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ যুবক পাম্পে গিয়ে মোটরসাইকেলের জন্য তেল চান। এ সময় তারা হট্টগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা সংসদ সদস্যের গাড়িতেও ভাঙচুর চালান।
সংসদ সদস্য মাছুম মোস্তফা নামাজখানা থেকে বের হতে চাইলে বিক্ষুব্ধ যুবকরা তাঁকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারের সহায়তায় তাঁকে উদ্ধার করে।
এ ঘটনায় শুক্রবার রাত সোয়া ২টার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়। নাম উল্লেখ করা হয় ৬৩ জনের। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৬০ জনকে। পুলিশ এ পর্যন্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে।
নেত্রকোনা জেলা ডিবির পরিদর্শক (পশ্চিম) দেবাংশু কুমার ও পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার সাজু আহম্মেদ ও সোলাইমান কবিরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছেন।
এদিকে রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস, হানাহানি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদকে প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী জানান, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- এমপি
- ছাত্রদল
- বিএনপি
