ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘এক রাতেই সব শেষ হয়ে গেল’

‘এক রাতেই সব শেষ হয়ে গেল’
×

কলমাকান্দা উপজেলায় ফুলবাইন বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, ডুবছে ক্ষেতের ফসল। গতকাল বৃহস্পতিবার তোলা সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কলমাকান্দা উপজেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নাগডড়া এলাকার ফুলবাইন বাঁধ ভেঙে হাওরে অনবরত পানি ঢুকছে। পাকা বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নতুন করে বৃষ্টি না হলেও উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। বিকেল ৫টার দিকে ডাকবাংলো পয়েন্টে নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের তথ্যমতে, টানা কয়েক দিনের বৃষ্টিতে উব্দাখালী, মহাদেও, গণেশ্বরী, মঙ্গেলশ্বরীসহ প্রায় সব নদ-নদীর পানি বেড়েছে। এতে সোনাডুবি, মহিশাশুরা, গোরাডোবা, পেটকি, সাইডুবি, মেদী, তেলেঙ্গা ও আঙ্গাজুরাসহ অন্তত ১৫টি হাওর ও বিলে পানি ঢুকে পড়ে। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ পাকা ধান পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কলমাকান্দা উপজেলায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। যার মধ্যে হাওরাঞ্চলে রয়েছে চার হাজার ৬৩০ হেক্টর জমি। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯৫০ হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
উপজেলার প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে বলে দাবি করা হলেও কৃষকদের দাবি, বাস্তবে কাটা হয়েছে প্রায় ৩০ শতাংশ। যার একটি বড় অংশই পানিতে তলিয়ে গেছে।
চান্দুয়াইল গ্রামের কৃষক রেজাউল করিম রজব বলেন, ‘আমার ১০ একর জমির মধ্যে মাত্র এক একর ধান কাটতে পেরেছি। বাকি সব ধান পানির নিচে চলে গেছে। এক রাতেই সব শেষ হয়ে গেল।’
এদিকে শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সময়মতো ধান কাটতে না পারায় ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন চাষিরা।
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফুলবাইন বাঁধটি মেরামতের চেষ্টা চলছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে এবং হারভেস্টার ব্যবহারে সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন

×