এনজিওর ঋণের কিস্তি পরিশোধ না করায় মামলা, গৃহবধূ গ্রেপ্তার
প্রতীকী ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ০১ মে ২০২৬ | ২১:৫৩
সিরাজগঞ্জের তাড়াশে টিএমএসএস নামের একটি এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকা ঋণের কিস্তি পরিশোধ না করায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া জান্নাতি ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরে শিশুসহ ওই গৃহবধূকে তাড়াশ থানা হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে চাকরি নেন। পরে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক টিএমএসএস চাকরি থেকে ইস্তফা দেন।
পরিবারের দাবি অনুযায়ী, ওই ঋণের প্রায় ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হয়েছিল। তবে বকেয়া কিস্তি নিয়ে বিরোধের জেরে মামলা হয় এবং আদালত জান্নাতি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জান্নাতি খাতুনের স্বামী আব্দুর রাজ্জাকের দাবি, জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য এনজিও কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও তা গ্রহণ করা হয়নি। বরং পরে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
ওসি মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উনাকে সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
