ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে আহত ৫
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০১ মে ২০২৬ | ২২:৩৭
ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সন্ধ্যায় জয়নুল আবেদিন পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। রাত সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন শিশু-কিশোর নিয়ে নাগরদোলাটি ঘুরছিল। হঠাৎ চলন্ত অবস্থায় নাগরদোলার একটি অংশ বিকট শব্দে ভেঙে নিচে পড়ে যায়। এতে রাইডটিতে থাকা আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনার পরপরই পুরো পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জবাইদুল ইসলাম জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাগরদোলা ভেঙে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জয়নুল উদ্যানে অবৈধভাবে এসব ঝুঁকিপূর্ণ নাগরদোলা বসিয়ে ব্যবসা চালানো হচ্ছে। বারবার এসব উচ্ছেদের দাবি জানালেও পার্ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
অভিযোগ রয়েছে, দৈনিক চাঁদার বিনিময়ে এসব ঝুঁকিপূর্ণ রাইড চালানোর অনুমতি দেওয়া হয়। কর্তৃপক্ষের এই উদাসীনতা ও তদারকির অভাবেই আজকের এই দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
