ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
×

একদিনের সফরে শনিবার সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১০:৪৬ | আপডেট: ০২ মে ২০২৬ | ১১:৩২

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রওনা হয়। সকাল ১০টার দিকে ফ্লাইটটি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে যখন পৌঁছান তখন বৃষ্টি হচ্ছিল। সেখান থেকে বৃষ্টির মধ্যে তিনি সরাসরি রওনা দেন হযরত শাহজালাল (র.) মাজারে। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরের হযরত শাহ পরাণ (র.) মাজারে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, মাজার জিয়ারতের পর সকাল ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। এরপর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। পরে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।

আরও পড়ুন

×