ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী
×

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৮:০৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওর অঞ্চলের জেলাগুলোতে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে লাখ লাখ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। সেখানকার কৃষকরা অসহায় ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি কিছু আর্থিক সহায়তাও দেওয়া হবে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়কে তাদের সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

ত্রাণমন্ত্রী বলেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট জেলার বিস্তীর্ণ অঞ্চল ও ব্রাহ্মণবাড়িয়া একটি অংশ পানিতে তলিয়ে গেছে। ওই সব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের তিন মাসের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

পরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে প্রকল্পের আওতায় জেলার ১০০ দরিদ্র পরিবারের মাঝে জীবিকায়নের উপকরণ বিতরণ করা হয়। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, যাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প ‘সম্বলের’ আনুষ্ঠানিক কার্যক্রম লালমনিরহাট থেকে শুরু হয়েছে। দাতাদের দেওয়া যাকাত ফান্ড থেকে মানুষকে স্বাবলম্বী করতে বিদ্যানন্দ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

×