‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:৩৭
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সংগঠন থেকে মো. মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনির যৌথ স্বাক্ষরে মোনায়েমকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের কোনো কাজে অংশগ্রহণ না করায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানিয়েছেন, সপ্তাহখানেক আগে মোনায়েম তার ফেসবুকে এসব স্লোগান লিখেছিলেন। এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদের মাধ্যমে চেষ্টা করেও পাওয়া যায়নি। এর পরই বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বহিষ্কার
- ছাত্রদল নেতা
