ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে ‘গোপন’ বৈঠকে গোয়েন্দা ফাঁদ: ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

চট্টগ্রামে ‘গোপন’ বৈঠকে গোয়েন্দা ফাঁদ: ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী আটক
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৪:৩৭

চট্টগ্রাম নগরে ‘গোপন’ বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার তায়েফ নামের একটি রেস্টুরেন্টের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের জন্য‘ একত্রিত হয়েছিল। আটককৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তবে এতে বিভিন্ন কমিটির বর্তমান ও সাবেক কয়েকজন নেতা আছেন বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। 

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান বলেন, আটক করা হয়েছে ১৪ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে। কয়েকজন কমিটির বর্তমান ও সাবেক সদস্য। নতুন একটি প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, সম্প্রতি নগরে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিভিন্ন এলাকায় মিছিল হচ্ছিল। এজন্যি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল। এটির ফাঁদেই আটক করা হয়েছে এই ১৪ জনকে। 

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় তিনটি পৃথক মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় নির্জন স্থানে মিছিলের ঘটনাও ঘটে। পরে এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনাতে চাপে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই গোয়েন্দা নজরদারি জোরদার করে তারাও।
 

আরও পড়ুন

×