ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ প্রাণ হারালেন চারজন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ প্রাণ হারালেন চারজন
×

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৯:২২

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী আইনজীবী ও মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও অন্তত দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকার বাসিন্দা ও অ্যাডভোকেট আব্দুর রশিদের স্ত্রী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি আরব প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৩) ও তার মেয়ে খোশনূর জান্নাত (১৩)। এছাড়া আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট ঢাকায় নির্বাচন কমিশন অফিসে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে মনতলা সমিতি ঘর এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তামান্না মুনতাকিন রিয়া (২৬) এবং অটোরিকশাচালক সোহেল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×