ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দুর্ঘটনায় নিহত ৫

হাসপাতালে যাওয়া হলো না বাবা, দুই মেয়ে ও জামাতার

হাসপাতালে যাওয়া হলো না বাবা, দুই মেয়ে ও জামাতার
×

দুর্ঘটনা কবলিত বাস-অটোরিকশা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ০৪ মে ২০২৬ | ২২:০০

কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ইউসুফ আলী। চিকিৎসক দেখানোর জন্য বড় মেয়ে, জামাতা ও ছোট মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু তারা হাসপাতালে পৌঁছাতে পারেননি। পথিমধ্যে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও নিহত হয়েছেন অটোরিকশাচালক।

আজ সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতকের জালালপুর-বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইউসুফ আলীর বাড়ি তাহিরপুর উপজেলার তিয়রজালাল গ্রামে। নিহত অন্যরা হলেন– তার বড় মেয়ে নিলোফা (৩৫), জামাতা সাহাবুদ্দিন (৪০) ও ছোট মেয়ে কেয়া মনি (১৬)। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের পূর্ব নোয়ারাই গ্রামের অটোরিকশাচালক মানিক মিয়া।

নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অটোরিকশায় সিলেটের দিকে রওনা হন ইউসুফ, নিলোফা, সাহাবুদ্দিন ও কেয়া। অটোরিকশাটি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর-বদিরগাঁও গ্রামে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

ইউসুফ আলীর ছেলে শুভ আহম্মেদ বলেন, ‘আমার বাবা, দুই বোন ও বোন জামাই সিলেটে ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় হাসপাতলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তারা মারা গেছেন। এই শোক আমরা কীভাবে সইবো!’

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, দুর্ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন।

আরও পড়ুন

×