মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ
কুমিল্লা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনের একাংশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২২:২৬
কুমিল্লা ক্যান্টনমেন্টের অদূরে নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকার লোকজন এই কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, এই এলাকায় মহাসড়কের উভয় পাশে রয়েছে কুমিল্লা সেনানিবাস। এর আশপাশে রয়েছে অন্তত ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁ ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফলে নিশ্চিন্তপুর এলাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ জানান, স্কুল-কলেজ শুরু ও ছুটির পর শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা তাঁর।
আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। অবিলম্বে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।’
এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, কামরুল হাসান, নুরুল হক, কাজী মাসুম প্রমুখ।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা সমকালকে বলেন, মহাসড়কের ওই স্থানটি পরিদর্শন করা হবে এবং এর সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
