ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম
×

 নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর লিচুবাগ এলাকায় গতকাল মঙ্গলবার র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছ দুর্বৃত্তরা। আগের রাতে জেলার রূপগঞ্জে হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ। পরে তাঁর স্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

র‍্যাব-১১-এর সিও লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে র‍্যাব-১১-এর গোয়েন্দা দলের চার সদস্য সাদা পোশাকে মাসদাইর লিচুবাগ এলাকার একটি মাদক বিক্রির স্পটে তথ্য সংগ্রহ করতে যান। র‍্যাব সদস্যরা স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহের পর কিছুটা দূরে গিয়ে বিশ্রাম করছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালান। তারা তিনজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তারা পালিয়ে যান। পরে আহত তিন 
র‍্যাব সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন–এসআই নজিবুল এবং কনস্টেবল মাহি ও ইব্রাহিম। এর মধ্য নজিবুর ও ইব্রাহিমের আঘাত গুরুতর। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এসআই নজিবুলের হাতের রগ কেটে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ ঘটনায় পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। 
রূপগঞ্জের ঘটনায় পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। সঙ্গে সঙ্গে শামীমের অনুসারীরা পুলিশের পিকআপ ভ্যান ঘিরে ফেলে। তারা গাড়ির চাকাও কেটে দেয়। এরপর পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তারা হামলা চলিয়ে শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এতে অন্তত ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে চনপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার পারভীনসহ ১৩ জনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, চনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, শামীমকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। 
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, শামীম মিয়ার বিরুদ্ধে ডজনখানেক মামলা আছে। একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকালের ঘটনায় শামীমসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আরেকটি 
মামলা হয়েছে। 

আরও পড়ুন

×