ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনায় কেউ ধরা পড়েনি, মামলার প্রস্তুতি

অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনায় কেউ ধরা পড়েনি, মামলার প্রস্তুতি
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৯:৪৭

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বুধবার রাত পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে গুলির ঘটনায় খুলনার রূপসা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, গত ৪ মে দুপুরে নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় রাজু হাওলাদারকে গুলি করে প্রতিপক্ষ। এতে রাজু পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

লবণচরা থানা পুলিশ জানায়, রাজু লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি একটি ডাকাত দলের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। লবণচরা থানায় চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা আছে। 

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুকে পুলিশি পাহারায় ঢাকায় নেওয়ার সময় রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত ছাড়া সুষ্ঠুভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, নাকি কোনো অপরাধী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

ওসি জানান, ঢাকায় চিকিৎসাধীন রাজুর বর্তমানে শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তার পরিবারের সদস্যরা রূপসা থানায় এসেছে। রাতেই এ ব্যাপারে মামলা হবে।

আরও পড়ুন

×