রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৯:৫১
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মহানগর যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বহিষ্কৃতরা হলেন– নগরীর ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা বহিষ্কারাদেশে উল্লেখ করেন, দলীয় পরিচয়ের প্রভাবে পেশিশক্তি প্রদর্শন করে আরডিএ অফিসে টেন্ডারে বিশৃঙ্খলা সৃষ্টি, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৮ নম্বর (দক্ষিণ) ওয়ার্ড যুবদল আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এই আদেশ কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় যুবদল নেবে না। তাদের সঙ্গে কারও দলীয় সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয় বহিষ্কারাদেশে।
মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি সমকালকে বলেন, সিসিটিভি ফুটেজে জড়িতদের অপরাধ দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে টেন্ডার বাক্স ছিনিয়ে নেন মো. ধলু। দরপত্র টেম্পারিং করে আধা ঘণ্টা পর বাক্স ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’ আরডিএ অভিযোগ দিয়েছে জানালে ওসি বলেন, ‘আমি থানার বাইরে ছিলাম, তাই জানি না।’
- বিষয় :
- রাজশাহী
- যুবদল নেতা
- বহিষ্কার
