ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রবিন

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রবিন
×

রবিন মিয়া

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:০৮

চাকরির ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন মো. রবিন মিয়া (২৯)। কিন্তু সেই ইন্টারভিউ আর দেওয়া হলো না তার। গতকাল বুধবার সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রবিন মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন বায়রা গ্রামের মো. বাদল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে চাকরির ইন্টারভিউ দিতে ত্রিশালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল এবং তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কেওয়াটখালী বাজার এলাকায় রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনরা এসে রবিনের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ধারণায় বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের বাবা বাদল মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা মামলার তদন্ত শুরু করেছি এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছি।

আরও পড়ুন

×