কাফনের কাপড় পাঠিয়ে ৭ টুকরো করার হুমকি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
‘তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তাঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাকিছ, তুই এখন গ্যাংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি।’ ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে এভাবেই কৃষক আবদুর রহমানকে হুমকি দেওয়া হয়েছে।
কৃষক আবদুর রহমান (৫৬) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার চণ্ডিপুর মোল্লা কোনার বাসিন্দা।
জুলাস বেপারী নাম ব্যবহার করে তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে ভুক্তভোগী উল্লেখ করেন, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। গত মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাকঘরের পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল আসে। পরে খাম খুলে সাদা কাগজে দেখেন তাঁকে সাত টুকরো করার হুমকি। এ ছাড়া স্টার চিহ্নিত কিছু আরবি লেখা ছিল। পার্সেলটি খুলে দেখেন, কাফনের কাড়ের টুকরো। খামটির প্রেরক পাশের রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারী। কিন্তু আবদুর রহমান পরিবারের লোকজন নিয়ে ওই এলাকায় গিয়ে এই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব পাননি।
আবদুর রহমান বলেন, খামে উল্লেখিত মোবাইল নম্বরে কল করলেও কেউ রিসিভ করছে না। ফলে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন তিনি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আরিফ হোছাইন সমকালকে জানান, লিখিত অভিযোগ
পেয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হুমকিদাতার পরিচয় ভুয়া। ব্যবহৃত মোবাইল নম্বরটিও
ময়মনসিংহের এক ব্যক্তির। কৃষককে ভয় দেখানোর জন্য কেউ এই কাজ করেছে।
- বিষয় :
- হুমকি
