নবীগঞ্জে পৃথক স্থান থেকে নিখোঁজ কৃষকসহ দুজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৮:২৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে হাওর থেকে নিখোঁজের দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন। নিহত আব্দুর রউফ নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান কৃষক আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
অন্যদিকে উপজেলার সোনাপুর গ্রামের হামিদুর রহমান ওরফে হামদু (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।
উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে হামিদুর রহমান ওরফে হামদু (২৩) বৃহস্পতিবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করেন তিনি। ছটফট করতে দেখে পরিবারের লোকজন নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- হবিগঞ্জ
- মরদেহ উদ্ধার
- পুলিশ
