ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুকে যৌন হয়রানি মাদ্রাসা শিক্ষক আটক

শিশুকে যৌন হয়রানি  মাদ্রাসা শিক্ষক আটক
×

 নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

সাভারের আশুলিয়ায় ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ইলিয়াস হোসেন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট সিনসিন মোড় এলাকার রওজাতুল কোরআন আধুনিক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। আগের দিন বুধবার বিকেলে ওই মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনা বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। যৌন হয়রানির শিকার শিশুটি তাঁর চাচার বাসায় থেকে ওই মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশুনা করত।
আটক শিক্ষক ইলিয়াস হোসেন ময়মনসিংহের পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা জানান, শিশুটির বাবা বিদেশে এবং মা গ্রামের বাড়িতে থাকেন। সে গাজীরচট এলাকায় চাচার বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো বুধবার বিকেলে সে ক্লাস শেষে বাসায় আসে। এরপর শিশুটি কান্না শুরু করে। তাঁর চাচি কান্নার কারণ জানতে চাইলে সে যৌন হয়রানির ঘটনাটি জানায়। 

শিশুটির বরাত দিয়ে তাঁর স্বজনরা জানান, বুধবার বিকেলে মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেন ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। স্বজনরা বলেন, বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। গতকাল দুপুরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষককে থানায় নিয়ে যায়। 
মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, আমি নিজেই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইলিয়াস হোসেনকে থানায় নিযে গিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে অনুরোধ করেছি।
পুলিশ হেফাজতে থাকায় শিক্ষক ইলিয়াস হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় এনেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। যৌন হয়রানির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

আরও পড়ুন

×