প্রথম মাসের বেতন থেকে বেদে শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৯:১৭ | আপডেট: ০৮ মে ২০২৬ | ২৩:১৭
সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের দান করেছেন।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
জানা যায়, সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন তিনি। এই কর্মসূচির আওতায় তাঁর প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া একই কর্মসূচির আওতায় উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
স্থানীয় বেদে সম্প্রদায়ের নেতা আলাউদ্দিন ওঝা বলেন, সংসদ সদস্যের এমন ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে তাদের সন্তানরা যাযাবর জীবনের গণ্ডি পেরিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে হাসনাত বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মাঝে থাকা মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।
- বিষয় :
- কুমিল্লা
- সংসদ সদস্য
- হাসনাত আবদুল্লাহ
